
মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে মস্তিষ্কের ক্যান্সারের কোনো সম্পর্ক নেই – অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন যাবত চলতে থাকা এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানায়, গবেষকেরা ১৯৮২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটিতে মস্তিষ্কের ক্যান্সারের ঘটনার হিসেবের ওপর ভিত্তি করে এ গবেষণাকাজ পরিচালনা করেন। এতে দেখা যায়, এ ৩০ বছরে দেশটির পুরুষদের মধ্যে মস্তিষ্ক ক্যান্সারের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও নারীদের মধ্যে এ সংখ্যা স্থিতিশীল। আর মোবাইল ফোন ব্যবহারের কারণে মস্তিষ্কে ক্যান্সার হতে পারে – এমন কোনো প্রমাণ পরিসংখ্যানে পাওয়া যায়নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯৮৭ সাল থেকে দেশটিতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ক্রমবৃদ্ধির ধারাবাহিকতায় ২০১৪ সালে দেশটিতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা সম্পূর্ণ জনসংখ্যার শতকরা ৯৪ শতাংশে এসে দাঁড়িয়েছে।